গাইবান্ধা সদর উপজেলায় বন্ধুদের সাথে দীঘিতে গোসলে নেমে তর্কের জেরে রাহাত (১৫) নামের এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামের ‘হাওয়াই দীঘি’তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাহাত ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাহাত তার দুই বন্ধু সাকিব ও রিফাতের সাথে হাওয়াই দীঘিতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে কোনো একটি বিষয় নিয়ে তিন বন্ধুর মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি শুরু হয়। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানির নিচে জোরপূর্বক চুবিয়ে ধরে রাখে। এতে শ্বাসরুদ্ধ হয়ে পানির নিচেই অচেতন হয়ে পড়ে সে। ঘটনার পরপরই অভিযুক্ত দুই কিশোর স্থান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাহাতকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহাতের পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে রাহাতকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত সাকিব একই এলাকার জবান আলীর ছেলে এবং রিফাত সাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে তারা দুজনই পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সুরতহালে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









