বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি।
বুধবার (১৭ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার (দোভাষী) মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, মেডিক্যাল ট্যুরিজমসহ মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন এবং ঢাকা-তেহরান সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশে ইরানের উদ্যোগে একটি বিশ্বমানের হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা।
সাক্ষাতের শুরুতে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাফল্য এবং ডা. শফিকুর রহমানের বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন জানান ইরানের রাষ্ট্রদূত। তিনি দলটির গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের প্রশংসাও করেন।
এ সময় সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। যুদ্ধবিরতি ত্বরান্বিত করতে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, চুক্তিটি কার্যকর থাকবে এবং ভবিষ্যতে ইরান প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
জবাবে রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









