মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ঢল নামে। দুপুরের আগেই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুর থেকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে মাঠেই অবস্থান করেন উৎসুক জনতা।
বৈরী আবহাওয়ার মধ্যে জনসভার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল অঞ্চলটির চা শ্রমিকদের স্বতঃস্ফূর্ত ও চোখে পড়ার মতো উপস্থিতি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সবকটি চা বাগান থেকে হাজার হাজার চা শ্রমিক অনুষ্ঠানস্থলে যোগ দেন। নিজ নিজ বাগানের ট্রাক্টর ও বিভিন্ন যানবাহনে চড়ে ব্যানার-ফেস্টুনসহ দুপুরের আগেই তারা মাঠে এসে পৌঁছান। চা শ্রমিকদের পাশাপাশি এই অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ জনসভায় ভিন্ন মাত্রা যোগ করে।
প্রধানমন্ত্রীর আগমন ও ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান, ফ্যামিলি কার্ড বিতরণের এই উদ্যোগ প্রান্তিক মানুষের জীবনে বড় স্বস্তি এনে দেবে। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এবং তাকে স্বাগত জানাতে বৃষ্টি বাদল কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন আসনের সাংসদ সদস্য ও দলীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









