মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না এবং বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না।" হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিনি দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে এবং জনগণের অধিকার সুরক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে নিত্যপ্রয়োজনীয় ৬০টি দ্রব্যের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহারের সুবিধা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, যারা এ ধরনের জনকল্যাণমূলক কাজে বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে
তিনি বলেন, দেশের প্রতিটি মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষক ভাইদের ভাগ্যন্নোয়নে ও সহায়তায় কৃষক কার্ড নিশ্চিত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। ফ্যামিলি ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশে তিনি বলেন, অর্থায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। এরই অংশ হিসেবে আজ চা শ্রমিকদের ঘর নির্মাণের জন্য ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
মৌলভীবাজারের উন্নয়নে বিএনপির সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, এই অঞ্চলের বড় বড় রাস্তাঘাট, স্কুল ও কলেজ বিএনপির আমলেই নির্মিত হয়েছিল। নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচনে এ দেশের মানুষ বারবার ধানের শীষকে বিজয়ী করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল এবং জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। বিভিন্ন সংকটে অনেকে বিদেশে চলে গেলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের ছেড়ে কোথাও যাননি। বাংলাদেশই তাঁর প্রথম ও শেষ ঠিকানা ছিলো। আমরা খালেদা জিয়ার সৈনিক হিসেবে এ দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতিয়ারে পরিণত করে দেশের ভাগ্যের পরিবর্তন করব।
এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন আসনের সাংসদ সদস্য ও দলীয় নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









