আন্তর্জাতিকভাবে স্বীকৃত কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক শীর্ষস্থানীয় জার্নাল ‘Neural Networks’-এ প্রকাশিত একটি গবেষণাপত্র ‘Best Paper Award’-এর জন্য মনোনীত হয়েছে। গবেষণাপত্রটির অন্যতম গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও কম্পিউটার ভিশন ল্যাবের পরিচালক ড. মো. শামীম হোসেন।
গবেষণাটি যৌথভাবে সম্পন্ন করেন ইবির কম্পিউটার ভিশন ল্যাবের পরিচালক ও গবেষক ড. মো. শামীম হোসেন এবং দক্ষিণ কোরিয়ার সাংকিউকওয়ান বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইনস্টিটিউটের পিএইচডি গবেষক দীপঙ্কর বালা। গবেষণাকাজটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ভিশন ল্যাব এবং চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (ইউএসটিসি)-র কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের যৌথ গবেষণা কার্যক্রমের আওতায় পরিচালিত হয়। গবেষণাকাজটি তত্ত্বাবধান করেন ইউএসটিসির অধ্যাপক ঝাংজিন হুয়াং।
জানা যায়, গবেষণার মূল বিষয় ছিল মাঙ্কিপক্স (বর্তমান নাম ‘Mpox’) রোগ শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। কোভিড-১৯ পরবর্তী সময়ে সম্ভাব্য নতুন বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি হিসেবে মাঙ্কিপক্স আলোচনায় এলে রোগটির দ্রুত ও নির্ভুল শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে গবেষণায় গতি আসে। তবে সে সময় এই বিষয়ে গবেষণার জন্য কোনো উন্মুক্ত ও মানসম্পন্ন ইমেজ ডেটাসেট ছিল না। এই সীমাবদ্ধতা দূর করতে গবেষকরা বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক উৎস থেকে মাঙ্কিপক্স, চিকেনপক্স, হাম ও স্বাভাবিক ত্বকের চিত্র সংগ্রহ করে ‘Monkeypox Skin Images Dataset (MSID)’ নামে একটি নতুন ডেটাসেট তৈরি করেন, যা বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। পরবর্তীতে সেই ডেটাসেট ব্যবহার করে ‘MonkeyNet’ নামের একটি উন্নত ডিপ লার্নিং মডেল তৈরি করা হয়, যা মূল ডেটাসেটে ৯৩.১৯% এবং পরিবর্ধিত ডেটাসেটে ৯৮.৯১% নির্ভুলতায় রোগ শনাক্ত করতে সক্ষম, যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ প্রচলিত ‘PCR’ পরীক্ষার তুলনায় অধিক কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত।
গবেষকদের মতে, আন্তর্জাতিক মানের এই জার্নালে এই স্বীকৃতি বাংলাদেশের গবেষণা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বাস্থ্যপ্রযুক্তি গবেষণায় দেশের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতে তরুণ গবেষকদের বৈশ্বিক গবেষণায় আরও উৎসাহিত করবে।
এ বিষয়ে ড. মো. শামীম হোসেন বলেন, “আন্তর্জাতিক মানের এই জার্নালে আমাদের গবেষণাপত্র ‘Best Paper Award’-এর জন্য মনোনীত হওয়া সত্যিই অত্যন্ত আনন্দের। এটি শুধু আমাদের গবেষণাদলের স্বীকৃতি নয়, বরং ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের গবেষণা সক্ষমতারও আন্তর্জাতিক স্বীকৃতি। আমি বিশ্বাস করি, এই অর্জন দেশের তরুণ গবেষকদের বৈশ্বিক পর্যায়ে গবেষণায় অংশগ্রহণে আরও অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “মাঙ্কিপক্সের মতো উদীয়মান স্বাস্থ্যসংকট মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ প্রমাণ করাই ছিল আমাদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক গবেষক সম্প্রদায়ের কাছ থেকে এই স্বীকৃতি আমাদের ভবিষ্যৎ গবেষণায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









