পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আক্তার নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে দেবোত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবোত্তর বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে এক দোকানের ছাদের ওপর পড়ছিল। পানি পড়া বন্ধ করার উদ্দেশ্যে শাহাদাত ছাদে ওঠেন। একপর্যায়ে তার পা পিছলে যায় এবং তিনি নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাতকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে এলে এক কাপড় ব্যবসায়ী আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা নিহত শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিহত শাহাদাত দেবোত্তর বাজারের আকুল স্টোরের কর্মচারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা বাজার এলাকায় ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা বৈদ্যুতিক তার এবং অনিরাপদ অবকাঠামোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









