লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে শিশু নন্দিনী হত্যা মামলার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে হত্যাকাণ্ডের শিকার শিশু নন্দিনীর পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দুই সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ও ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “নন্দিনী হত্যা মামলাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং অরাজক পরিস্থিতি সৃষ্টির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নিরপরাধ কোনো গ্রামবাসীকে হয়রানি করা হবে না।”
মন্ত্রী জানান, সরকার এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শিশুটির পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সাত বছর বয়সী শিশু নন্দিনী। পরদিন উপজেলার ফলিমারী এলাকার একটি ভুট্টাখেতের মাটির নিচ থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী বিধান চন্দ্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নন্দিনীর মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









