গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়ে আহত হয়েছেন। একইসঙ্গে দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা ও কায়েস মিয়া।
থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে আটটার দিকে বাগদা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। এ সময় বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে আওয়ামী লীগের লোকজন।
এ ঘটনায় এসআই সেলিম রেজা এবং কায়েস আহত হন। পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী'র নেতৃত্বে একটি টহল পুলিশ দল এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালায় সেনাবাহিনী। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কাওছার/এ/ন্যাশ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









