বরিশাল নগরীতে বেপরোয়া গতির মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে শুভ (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ (৩০) নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নগরীর বান্দ রোডের কেডিসি সংযোগ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ ও আহত আরিফ পটুয়াখালী জেলার লেবুখালীর পাগলা এলাকার বাসিন্দা এবং তারা সম্পর্কে একে অপরের বন্ধু।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে লঞ্চঘাট এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে দুই বন্ধু বেপরোয়া গতিতে আসছিলেন। মোটরসাইকেলটি বান্দ রোডের কেডিসি সড়কের মুখে পৌঁছালে, পার্শ্ববর্তী সংযোগ সড়ক থেকে হঠাৎ একটি হলুদ রঙের অটোরিকশা প্রধান সড়কে বের হয়ে আসে। এ সময় মোটরসাইকেলের গতি অতিরিক্ত থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশার সঙ্গে প্রচণ্ড ধাক্কা লাগে।
আঘাতের তীব্রতায় দুই আরোহীই ছিটকে শক্ত পিচঢালা সড়কে আছড়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী দুজনের কারও মাথায় হেলমেট ছিল না। ফলে সড়কে আছড়ে পড়ার সাথে সাথেই শুভ’র মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রক্তাত্ব অবস্থায় দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক শুভর মৃত্যু হয়। আহত আরিফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে গেছে, তাকে আটকে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









