ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সংস্করণে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শক্তিশালী অজিদের কাছে কার্যত একপেশেভাবে হেরেছে স্বাগতিক দল।
তবে সেই হতাশা ভুলে সিরিজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। ফলে সিরিজ বাঁচানোর এই বাঁচা-মরার লড়াইয়ে প্রথমে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে।
খেলার শুরুতেই বল হাতে পান নাসুম আহমেদ। প্রথম ওভারে অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে আক্রমণে আনলেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। নাসুমের ওভার থেকে একটি করে ছক্কা ও চারে ১২ রান নেয় অস্ট্রেলিয়া। প্রথম দুই বলে আসে দুটি সিঙ্গেল। পরের চার বলে একটি করে চার ও ছক্কা মারেন জশ ইংলিস।
প্রথম ম্যাচের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুইটি পরিবর্তন।
মিরপুরে শেষ ওয়ানডেতে চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার জায়গায় অধিনায়কের দায়িত্বে আছেন তাওহিদ হৃদয়।
সিরিজ বাঁচানোর ম্যাচে দুই পরিবর্তন করে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন এক স্পিনার ও এক পেসার। এই তালিকায় আছেন শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। তাদের জায়গায় খেলবেন নাসুম আহমেদ ও নাহিদ রানা।
২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।
ওয়ানডে সিরিজটা স্মরণীয় করে রাখলেও টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও অজি বোলারদের সামনে প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটারা। স্বাগতিকদের ইনিংস থামে মাত্র ১৩১ রানে। জবাবে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, শামীম হোসেন, রিশাদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেশ মার্শ, জশ ইংলিস, কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশো, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









