গাজীপুরে মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের সংঘর্ষে সাফোয়ান হোসেন নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সকালে মহানগরীর পূবাইল থানার চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা মো. জুয়েল রানা তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা এবং শিশু সন্তান সাফোয়ান হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। পথে পূবাইলের চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন। এতে শিশু সাফোয়ান ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় জুয়েল রানা ও তার স্ত্রীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।
এ বিষয় পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘‘এই দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









