সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় নদীপথে চলাচলকারী বাল্কহেড ও কার্গো জাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় মামুন মিয়া (৪২) নামের এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে নৌ-পুলিশ।
১৯ জুন (শুক্রবার) বেলা সোয়া ১১টার দিকে সালুটিকর ব্রিজের নিচে সারি গোয়াইন (চেঙ্গেরখাল) নদী থেকে তাকে আটক করা হয়। আটক মামুন মিয়া সিলেট বিমানবন্দর থানার নয়াটিলা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, খাদিমনগর ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নাম ব্যবহার করে একদল চাঁদাবাজ বাল্কহেড ও কার্গো জাহাজে চাঁদাবাজি করছে—এমন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নদী থেকে চাঁদা তোলার সময় মামুন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তার হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ২,২২০ টাকা, চাঁদা সংগ্রহের দুটি রিসিট বই এবং চাঁদাবাজিতে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।
অভিযান প্রসঙ্গে নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, "নদীপথে চাঁদাবাজি দমনসহ সব ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নদীপথকে নিরাপদ রাখতে চাঁদাবাজদের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"
নৌ-পুলিশ নিশ্চিত করেছে যে, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় নদীপথে চাঁদাবাজির সাথে জড়িত এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরও ৪ জন সক্রিয় চাঁদাবাজের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









