শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, নৈতিক মূল্যবোধ এবং ইতিবাচক জীবনধারা গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নৈতিকতার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিস।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, বরিশালের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। তিনি তার বক্তব্যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, নৈতিক মূল্যবোধের চর্চা এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক আচরণ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘‘বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ এবং মানবিক মূল্যবোধের চর্চা মানসিক সুস্থতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক ড. মো. নাজমুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং একটি সুস্থ, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিত্ব বিকাশে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









