রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি জোনের বিশেষ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জুন) ভোররাতে পরিচালিত এ অভিযানে ৬ হাজার প্যাকেট ভারতীয় ‘অরিস’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ জুন রাত ১টা ৩০ মিনিটে রাঙামাটি জোন থেকে সার্জেন্ট মো. সোহেল রানার নেতৃত্বে ১০ সদস্যের একটি সি-টাইপ টহল দল রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কান্দারমুখ থেকে রিজার্ভ বাজারগামী কাপ্তাই হ্রদ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টহল দলের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা চোরাকারবারিরা বিপুল পরিমাণ সিগারেট ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে ৬ হাজার প্যাকেট (প্রতি প্যাকেটে ২০ শলাকা) অবৈধ ভারতীয় ‘অরিস’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধারকৃত সিগারেট আনুষ্ঠানিকভাবে রাঙামাটি বিজিবি সেক্টরের কাছে হস্তান্তর করা হয়।
রাঙামাটি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দাভিত্তিক অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









