নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধ বাবা-মাকে ঘরে তালাবদ্ধ রেখে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাটসহ জায়গা দখলের অভিযোগ উঠেছে মেয়ে ও জামাতার বিরুদ্ধে।
সোমবার (২২ জুন) পৌরসভার চাঁচকৈড়পুরানপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মসলেম সরকার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে মেয়ে বিউটি বেগম (৪০) জামাতা পুলিশ সদস্য আবু সাইদ (৫০) ও ভাড়াটে সরোয়ার শাহকে (৪৭) অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য ভাড়াটে সরোয়ার শাহর বিরুদ্ধে শহরের একটি সিনেমা হল ভাংচুর ও লুটপাটের একটি মামলা আদালতে চলমান রয়েছে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) আকবর আলী বলেন, ‘‘সরকারি জরুরিসেবা ৯৯৯ এ ফোন পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়। পরে তালা ভেঙ্গে ভুক্তভোগী বৃদ্ধ দম্পত্তিকে উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।’’
ভুক্তভোগী মসলেম সরকার অভিযোগ করে জানান, ৫ মেয়ের নামে ৫৬ দশমিক ৫০ শতক জায়গা লিখে দেন। শর্তে উল্লেখ ছিল তারা যতদিন জীবিত থাকবেন লিখে দেওয়া জায়গা তারাই ভোগ করবেন। শর্ত অনুযায়ী ওই জায়গার ওপর দুইটি ব্যবসা প্রতিষ্ঠান করে তা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।
সোমবার সকালে মেয়ে বিউটি বেগম সরোয়ার শাহ নামে এক সন্ত্রাসী ভাড়া করে ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ দল নিয়ে তার ওপর চড়াও হন। এক পর্যায়ে ঘরে তালাবদ্ধ করে রেখে ভাড়া দেওয়া দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে জায়গা দুইটি দখলে নেয়।
মসলেম সরকার আরও জানান, ভাড়াটে সন্ত্রাসীদের দাপটে স্থানীয়রা এগিয়ে না আসায় বাধ্য হয়ে জরুরি সেবা নম্বরে ফোন দিয়ে প্রাণে রক্ষা পান স্বামী-স্ত্রী। তবে রক্ষা করতে পারেনি ভাড়া নেওয়া দুইটি ব্যবসা প্রতিষ্ঠান। এখন থানায় অভিযোগ দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই বৃদ্ধ দম্পত্তি।
জমি লিখে দেওয়ার পর অন্য ৪ মেয়ে জায়গা দখলের বিষয়টি নিয়ে মাথা না ঘামালেও মেয়ে বিউটি বেগম তার স্বামীর প্ররোচনায় বাড়ি সংলগ্ন ১৬ শতক জমি দখলে নিতে মড়িয়ে ওঠেন। এ নিয়ে মাঝে মধ্যে পারিবারিক অশান্তি লেগেই আছে।
বাধ্য হয়ে তিনি মেয়ে বিউটি বেগমকে লিখে দেওয়া জমির শর্ত বাতিল ও ১০৭ ধারায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এমন অবস্থায় মেয়ে বিউটি বেগম সন্ত্রাসী ভাড়া করে এনে জমির দখল নিতে এসে তাদের তালাবদ্ধ রাখে এবং ভাড়া দেওয়া দুইট প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শফিকুল ইসলাম ও কামাল হোসেন জানান, তারা মসলেম সরকারের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। বাবা-মেয়ের দ্বন্ডের কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এতে তাদের কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অন্যায়ের বিচারসহ অভিযুক্তদের শাস্তি দাবি করেন তারা।
এ ব্যাপারে অভিযুক্ত সরোয়ার শাহ জানান, ঘটনার সময় তিনি উপস্থিত থাকলেও কোনো সংশ্লিষ্টতা নেই তার।
অভিযুক্ত বিউটি বেগম মুঠোফোনে বলেন, ‘‘আমার জায়গা আমি দখলে নিয়েছি। স্বামী কর্মস্থলে থাকায় লোক ভাড়া করেছি।’’
আবু সাইদ বলেন, ‘‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অনেক দেনদরবার হলেও শ্বশুর জমি দখলে দেয়নি। উপরন্ত ভাড়া দিয়ে খাচ্ছেন তিনি। তবে কর্মস্থলে না থাকায় তার স্ত্রী (বিউটি বেগম) কিভাবে দখলে নিয়েছেন, কী ঘটনা ঘটিয়েছেন বলতে পারবো না।’’
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি তদন্ত আকবর আলী বলেন, ‘‘অভিযোগ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









