চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশ করানোর চেষ্টায় সীমান্তে বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পড়তে হয়। বর্তমানে পুশইনের শিকার হওয়া ব্যক্তিরা জিরো লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
আজ শনিবার (২০ জুন) সকাল ছয়টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের ১৭৭/২-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্র জানায়, আজ শনিবার সকাল ছয়টার দিকে ভারতের সবদুলপুর ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ২০ জন নারী-পুরুষ ও শিশুকে চৌকা সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে চৌকা বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিক বাধা দিয়ে পুশইন প্রতিরোধ করেন। পুশইনের শিকার হওয়া এই দলের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশইনের খবর পেয়ে বিজিবি দ্রুত পদক্ষেপ নেয়। তবে সকাল নয়টার দিকে ২০-২৫ জন বিএসএফ সদস্য আবারও ওই দলটিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি ও বিএসএফের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সীমান্তে জড়ো হওয়া শতাধিক স্থানীয় সাধারণ জনতা বিএসএফকে ধাওয়া করলে তারা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও পুশইন প্রতিরোধে সীমান্তে সতর্ক পাহারা দিচ্ছে।
এদিকে ঘটনার পর মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোঃ তাজুল ইসলাম চৌধুরী হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জানান, চৌকা বিওপির সীমান্ত এলাকায় ২০ জনকে পুশইন করার চেষ্টার সংবাদ তারা পেয়েছেন। চৌকা বিওপির বিজিবি সদস্যরা সফলভাবে তাদেরকে জিরো লাইনে ভারতের অভ্যন্তরে প্রতিহত করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি নিজেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









