চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। উদ্ধারকৃত এসব যন্ত্রাংশ মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে।
শনিবার (২০ জুন) মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৯ জুন) সকালে মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল অভিযান পরিচালনা করে। টহলদল সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে জনৈক সেতরুল হাজীর পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।’’
তিনি আরও বলেন, “চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের সফল অভিযানে চোরাচালান দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









