কুষ্টিয়ায় অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও উন্নতির লক্ষ্যে ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (রেইজ) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে কুষ্টিয়ার দিশা টাওয়ারের দিশা অডিটোরিয়ামে এই মেলার আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এই মেলার বাস্তবায়ন করে কুষ্টিয়া দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। এতে সভাপতিত্ব করেন দিশা-এর নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ, কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল জব্বার, পিকেএসএফ-এর রেইজ প্রকল্পের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মোঃ দেওয়ান জিন্নাহ ও দিশা কুষ্টিয়ার প্রোগ্রাম পরিচালক মোঃ আনিছুর রহমান।
এছাড়াও মেলায় শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে কিয়াম মেটাল ইন্ডা:, মধুর্স ফ্যাশন, জিএসএম ইঞ্জিনিয়ারিং, বিডি জবস, বিজলী মেটাল ইন্ডা: লিমিটেড, কেএনবি এগ্রো ইন্ডা: এবং ভেনাস আইটি-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত থেকে চাকরিপ্রার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মেলায় আগত চাকরিপ্রার্থীরা বিভিন্ন স্টল ঘুরে তাদের পছন্দের প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। মেলায় ২৮টি বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের চাকরিদানের স্টল বসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেন, "তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এই ধরনের চাকরি মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের প্রফেসর আছে। আমার মনে হয়েছে যে, বাঙালিরা যেখানে গেছে সেখানকার কমিউনিটির জন্য তার ভালো কন্ট্রিবিউশন আছে। সেখানে তারা ভালো করছে। প্রায় ২৫ হাজারের মতো বাংলাদেশি আছে যারা হলো একদম মিডিওকার টু টপ লেভেলে কাজ করে ইংল্যান্ডে। বাংলাদেশিরা যেখানেই গেছে তার কিন্তু সাফল্যের ছাপ রাখছে। অনেক ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ হয়।
চাকরিপ্রার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি আরো বলেন, যদি কোন কারণে তোমাদের আজকে জব না হয়, এটা ভেঙে পড়ার কোনো কারণ নেই। যারা আজকে জব পাবা না, তাদের জন্য আমরা কী করতে পারি সেটা দেখার বিষয়। তোমরাই কিন্তু আগামী দিনের সম্পদ। সবার যদি ভাগ্য পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সুন্দর একটা দেশ কখনো সম্ভব হবে না। তোমরা সবাই মিলেই কিন্তু আমাদের সরকার। অতএব আমরা চাই যে তোমাদের ভালো কিছু হোক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









