পটুয়াখালীর দশমিনা উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ জিহাদের স্মৃতিকে ধারণ করে “জুলাই যোদ্ধা শহীদ জিহাদ লাইব্রেরি” উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন পশ্চিম পাশে স্থাপিত এ লাইব্রেরির ভার্চুয়াল উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, বিআরডিবি কর্মকর্তা এস. এম. আরিফুর রহমান, শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মুঃ নেছার উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত হয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কবি নজরুল কলেজের শিক্ষার্থী মোঃ জিহাদ মোল্লা। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার স্মৃতিকে ধরে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই লাইব্রেরি নির্মাণ করা হয়। উদ্বোধনের মাধ্যমে এটি সাধারণ শিক্ষার্থী ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, লাইব্রেরিটি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং এখানে আধুনিক প্রযুক্তি সংযোজনের পাশাপাশি বিভিন্ন লেখকের বই রাখা হবে, যাতে সব বয়সের মানুষ পড়াশোনার সুযোগ পান।
ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, শহীদ জিহাদ জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারী ছিলেন।
তিনি আরও জানান, প্রতিটি ইউনিয়নে একটি করে লাইব্রেরি স্থাপনের সম্ভাবনা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিযোগিতার কারণে কিছু ভুয়া পেইজ খুলে এমপি, মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং মূলধারার সাংবাদিকতাকে ব্যাহত করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রশাসন বা পুলিশের কাছে জানাতে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ঢাকা উত্তর মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
শহীদ জিহাদের নামে এই লাইব্রেরি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চায় নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









