ঢাকার ধামরাই পৌরশহরের ঢুলিভিটা-বাড়িগাঁও আঞ্চলিক সড়কের দীর্ঘদিনের দুরবস্থায় জনদুর্ভোগ চরমে পৌঁছে ছিল। ভারী যানবাহনের চলাচল ও টানা বৃষ্টিপাতে সৃষ্ট অসংখ্য খানাখন্দে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্থানীয় মানুষের ভোগান্তি লাঘবে নিজ অর্থায়নে সড়কটির প্রায় ৬০০ মিটার অংশ সংস্কার করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
সোমবার (২২ জুন) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বালু ও ইটের খোয়া ফেলে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ সম্পন্ন করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে পানি জমে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
সংস্কার কাজ শেষে নাজমুল হাসান অভি বলেন, “ঢুলিভিটা-বাড়িগাঁও সড়কের বেহাল অবস্থার কারণে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন। জনগণের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমরা দ্রুত সংস্কার কাজের উদ্যোগ নিয়েছি। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জনগণের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই আমাদের লক্ষ্য। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই আমরা কাজ করছি।”
সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী জানান, সড়কটির খানাখন্দ ভরাট হওয়ায় চলাচল অনেকটাই সহজ ও নিরাপদ হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানান তারা।
এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, সদস্য সাইদুর রহমান জনি ও রাসেল, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহম্মেদ ভূঁইয়া (শাওন), যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন টিপু ও পারভেজ পাঠান, সদস্য শহিদুল ইসলাম সোহি, মোস্তফা হোসেন, ইয়াসিন আরাফাত ওসামা, কবির হোসেন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক সোহান ও মারুফসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









