বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কুয়েত প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সোহেল ফকির (২৪)। তিনি মাত্র ১০ দিন আগে বন্ধুর বিয়েতে যোগ দিতে দেশে এসেছিলেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বটতলা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে। দেড় বছর আগে দেশে এসে তিনি নিজেও বিয়ে করেছিলেন বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে ও সোহেলের বাল্যবন্ধু ফয়সাল হাওলাদারের গত ১৯ জুন বিয়ে সম্পন্ন হয়। প্রিয় বন্ধুর জীবনের এই বিশেষ দিনটিতে পাশে থাকতে মাত্র দশ দিন আগে কুয়েত থেকে ছুটিতে দেশে ফেরেন সোহেল। কিন্তু সেই বন্ধুতাই যে তার জীবনের শেষ পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। সোহেলের এই আকস্মিক মৃত্যুতে দুই পরিবারসহ গোটা এলাকায় স্তব্ধতা ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠজন পান্নু মৃধা জানান, ঘটনার সময় সোহেল নিজের মোটরসাইকেলটি রাস্তার পাশে পার্কিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী ‘তাজবি পরিবহন’ নামের একটি বেপরোয়া গতির বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সোহেলকে সজোরে ধাক্কা দেয় এবং দ্রুত গতিতে পালিয়ে যায়। বাসের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন সোহেল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ তৎপরতা চালিয়ে ঘাতক বাসটিকে জব্দ করতে সক্ষম হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন জানান, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়া ঘাতক বাসটিকে মহাসড়কের গোপালপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









