কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যাত্রীবাহী বাস ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২১) নামে ট্রাক হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা সুরুজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের দশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাটের বস্তা বোঝাই একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় বাসের ও ট্রাকের আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাবনা-কুষ্টিয়া হাইওয়ের দশমাইলে শ্যামলী পরিবহন ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









