কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে কোনো নেতাকর্মী বা সমর্থকের উপস্থিতি দেখা যায়নি।
মঙ্গলবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে দলীয় কার্যালয়ের প্রধান ফটকে তালাবদ্ধ অবস্থা এবং জনশূন্য পরিবেশ লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। ওই সময় দলটির অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান, কেউ দেশত্যাগ করেন এবং কেউ বিভিন্ন মামলায় কারাবন্দি হন।
সরকার পরিবর্তনের পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরবর্তীতে কয়েক দফা কার্যালয় খোলার উদ্যোগ নেওয়া হলেও পুনরায় তা তালাবদ্ধ করে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে কোনো ধরনের কর্মসূচি, সমাবেশ কিংবা নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। পুরো কার্যালয় ছিল তালাবদ্ধ ও নির্জন।
জুলাই আন্দোলনে নিহত শহীদ জিহাদের পিতা নুরুল আমিন মোল্লা বলেন, “জনগণের ওপর নির্যাতন ও নিপীড়ন চালালে কোনো দলই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জুলাই আন্দোলনের সময় বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনার স্মৃতি মানুষের মনে দীর্ঘদিন থাকবে।”
তিনি আরও বলেন, “আমার সন্তানকে হারিয়েছি। এমন অনেক পরিবার রয়েছে যারা তাদের প্রিয়জন হারিয়েছে বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ত্যাগ ও স্মৃতির কারণে দেশের রাজনৈতিক বাস্তবতা অনেক পরিবর্তিত হয়েছে।
এ দিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের অনুপস্থিতি এবং তালাবদ্ধ অবস্থাকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









