ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল পৌরসভার গোহাটা মাঠ রক্ষা এবং সেখানে বাণিজ্যিক সেটঘর (মার্কেট) নির্মাণের প্রস্তাব বাতিলের দাবিতে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ত্রিশাল গোহাটা মাঠে স্থানীয় কৃষক, ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ত্রিশাল উপজেলার সর্ববৃহৎ ও শতবর্ষী ঐতিহ্যবাহী এই গোহাটায়, যেখানে নিয়মিত গরু, ছাগল, ভেড়া ও শাকসবজির হাট বসে, সেখানে বাণিজ্যিক সেটঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ত্রিশাল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর উদ্যোগে ৬টি সেটঘর নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, গোহাটা কেবল একটি বাজার নয়, এটি এ অঞ্চলের শতবর্ষী ঐতিহ্যের অংশ এবং স্থানীয় অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। প্রতি হাটবারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো কৃষক ও ব্যবসায়ী গবাদিপশু ও কৃষিপণ্য নিয়ে এখানে আসেন। বর্তমানে গোহাটার বিকল্প কোনো উপযুক্ত স্থান নেই। ফলে মাঠে মার্কেট নির্মাণ করা হলে হাটটি বন্ধ হয়ে যাবে এবং হাজারো কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সুযোগ হারিয়ে জীবিকা সংকটে পড়বেন। এছাড়া ব্যবসায়ীরা বাধ্য হয়ে সড়ক ও আশপাশের এলাকায় বাজার বসাবেন, যা তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করবে।
বক্তারা অবিলম্বে গোহাটা মাঠে মার্কেট নির্মাণের টেন্ডার প্রক্রিয়া স্থগিত করে মাঠটি উন্মুক্ত রাখার এবং অন্য কোনো উপযুক্ত স্থানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় জনমতের বিরুদ্ধে গিয়ে এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সাবেক ছাত্রনেতা রুকুনুজ্জামান সরকার রাহাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মশিউর রহমান দীপক, উমর ফারুক, মতিউর রহমান মতি, মাওলানা আবু তাহের এবং এলাকাবাসী রুহুল আমীন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









