সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে বাদাঘাট বাজার থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়।
এ সময় বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে তার বিচারের দাবিতে বিক্ষোভ করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, সকালে অভিযুক্ত যুবক তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় বিষয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে স্থানীয় জনতা।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে অভিযুক্তের বাড়ি ও দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, ‘‘পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘‘ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে।’’
তিনি সকলকে গুজব, উসকানিমূলক প্রচার ও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









