কক্সবাজারের উখিয়া উপজেলায় গত এক সপ্তাহে চারজন শিশু-কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একের পর এক নিখোঁজের ঘটনায় সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।
দ্রুত নিখোঁজদের সন্ধান ও উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
নিখোঁজদের মধ্যে রয়েছেন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মধুরপাড়া এলাকার শিশু মুসাইবা, ভালুকিয়া জাফরপালং এলাকার মাসুদ মোহাম্মদ আরবী, হলদিয়াপালং ইউনিয়নের ঘাটিরপাড়া এলাকার ১৫ বছর বয়সী হৃদয় হাসান এবং উখিয়ার রেদোয়ান নামের আরেক কিশোর।
এর মধ্যে শিশু মুসাইবার নিখোঁজ হওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, মুসাইবা নিখোঁজ হওয়ার পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছিল। তবে কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
অন্যদিকে, ঘাটিরপাড়া এলাকার কিশোর হৃদয় হাসান নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাননি। তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু ও কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
তারা বলছেন, সন্তানরা ঘরের বাইরে গেলে নিরাপদে ফিরে আসবে কি না, সেই শঙ্কা এখন অনেক পরিবারের মধ্যে কাজ করছে।
নিখোঁজদের স্বজনরা দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন। তারা বলেন, প্রতিটি নিখোঁজের ঘটনা একটি পরিবারের জন্য সীমাহীন কষ্ট, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়ায়। তাই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ঘটনাগুলোকে পৃথকভাবে না দেখে সামগ্রিকভাবে বিশ্লেষণ ও তদন্ত করা জরুরি। একই সঙ্গে দ্রুত নিখোঁজদের উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় শিশু নুসাইবা পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং শিশু-কিশোরদের খুঁজে বের করতে আমরা কাজ করছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









