বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. শফি আলম (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে একটি কলাবাগানে কাজ করছিলেন শফি আলম।
এ সময় হঠাৎ বিকট শব্দে একটি মাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে একটি ডাম্পারযোগে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। আহত শফি আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলি গ্রামের বাসিন্দা মো. হালু মিয়ার ছেলে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, ‘‘ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন। সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









