ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে ১১টার দিকে উদ্ধারকারী দল রিলিফ ট্রেনের সাহায্যে বগিগুলো উদ্ধার করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত স্থানে রেললাইন মেরামতের কাজ চলছে।
এর আগে গতকাল বুধবার (২৪ জুন) দিবাগত রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যালের ভেতর ২৬ নম্বর পয়েন্টে ট্রেনটির ৩টি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি জংশনে প্রবেশের মুখে হঠাৎ বিকট শব্দে ঝাঁকুনি দিয়ে ওঠে। এতে ট্রেনের পরিচালক কাম খাবার গাড়ি (গার্ড ভ্যান) এবং যাত্রীবাহী ‘ট’ ও ‘ঠ’ নম্বর বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক শিশুসহ বেশ কয়েকজন যাত্রী কমবেশি আহত হয়েছেন।
ময়মনসিংহ রেলস্টেশনের আরএনবি ইনচার্জ গোলাম মওলা জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে জংশনের কম্পিউটারভিত্তিক রিলে ইন্টার লকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। আর এই সিগন্যাল বিভ্রাটের কারণেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বগি তিনটি ঘটনাস্থলে রেখেই ট্রেনের বাকি ১১টি বগি নিয়ে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় বিজয় এক্সপ্রেস।
গৌরীপুর রেলওয়ে জংশনের আরএনবি ইনচার্জ মো. মোর্শেদুজ্জামান বলেন, ‘‘গৌরীপুর-চট্টগ্রাম রেলপথে বিকল্প লাইন সচল থাকায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনাকবলিত মূল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। লাইনটি দ্রুত সচল করতে রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









