রাজশাহীর পবা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তি, ভিক্ষুক পুনর্বাসন, দুঃস্থ পরিবার ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে এসব সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বর ও অনুষ্ঠানস্থলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সুবিধাভোগীরা আসতে থাকেন। কেউ এসেছিলেন চলাচলের সহায়তা হিসেবে হুইল চেয়ার নিতে, কেউ ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থের আশায়, আবার কেউ এসেছিলেন ভিক্ষাবৃত্তি ছেড়ে নতুন জীবিকার স্বপ্ন নিয়ে। সহায়তা হাতে পেয়ে অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু, মুখে ছিল স্বস্তির হাসি।
অনুষ্ঠানে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়। ভিক্ষুক পুনর্বাসন সহায়তার আওতায় ২৫ জনকে পুনর্বাসনের জন্য সহায়তা দেওয়া হয়। এ ছাড়া ৪২ জন দুঃস্থ ব্যক্তি ও ১০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে মোট ৭৮ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন সুবিধাভোগীকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা দেওয়া হয়।
নগদ অর্থ পেয়ে হড়গ্রাম ইউনিয়নের দরিদ্র শিক্ষার্থী ইয়ামিন আসলাম সানি বলেন, “আমার পড়াশোনার খরচ চালাতে পরিবারকে অনেক কষ্ট করতে হয়। আজকের এই সহায়তা আমার পড়াশোনার পথে নতুন সাহস জোগাবে। আমি ভালোভাবে পড়াশোনা করে পরিবারের মুখে হাসি ফোটাতে চাই।”
পবা উপজেলার নওহাটা পৌর এলাকার কাদো বেওয়া টিন ও নগদ অর্থ পেয়ে বলেন, “বৃষ্টির সময় ঘরের চাল দিয়ে পানি পড়ত, অনেক কষ্টে দিন কাটত। আজ টিন ও টাকা পেয়ে মনে হচ্ছে, এবার মাথার ওপর একটু ভালো ছাউনি দিতে পারব। এই সহায়তা আমার মতো অসহায় মানুষের জন্য অনেক বড় পাওয়া।”
ভিক্ষুক পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে সুবিধাভোগীদের একটি করে ছাগল এবং নগদ অর্থের পাশাপাশি ছাগল পালনের উপকরণ দেওয়া হয়। এর মধ্যে ছিল ঔষধ, মাল্টিভিটামিন পাউডার, প্লাস্টিকের গামলা, বেলচা, ঝাড়ু, ১৫ বর্গফুট ত্রিপাল ও ১ কেজি ভুসি।
আয়োজকেরা জানান, এসব সহায়তা শুধু তাৎক্ষণিক সহযোগিতা নয়, বরং সুবিধাভোগীদের স্বনির্ভর করে তোলার একটি উদ্যোগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









