চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে। আজ শনিবার (২৭ জুন) ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির একটি চৌকস দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে সেখান থেকে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
এদিকে বিজিবি'র পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি জুন মাসজুড়েই সীমান্তে মাদকবিরোধী কঠোর অবস্থান বজায় রেখেছে ৫৩ বিজিবি। মাসব্যাপী বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ সর্বমোট ১ হাজার ১৬১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে; যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









