মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাইকেল র্যালি, মানববন্ধন, আলোচনা সভা এবং ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব মাদক সমস্যা: বিদ্যমান সমস্যা, নতুন উদ্ভাবনী প্রতিক্রিয়া” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এ কর্মসূচির আয়োজন করে।
শনিবার (২৭ জুন) সকালে বীরগঞ্জ উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল র্যালি শুরু হয়। দিবসটি উপলক্ষে উপজেলার সাতটি বিদ্যালয়ের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণে ৬ কিলোমিটার পথ অতিক্রম করে শিক্ষার্থীরা বীরগঞ্জ উপজেলা চত্বরে এসে র্যালিটি শেষ করে।
পথজুড়ে শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান প্রদর্শন ও উচ্চারণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে। স্লোগানগুলোর মধ্যে ছিল “মাদকমুক্ত সুস্থ জীবন, আলোয় আলোয় ভরবে ভুবন”, “অসৎ সঙ্গ ত্যাগ করি, মাদকদ্রব্য বর্জন করি”, “জীবন একটাই, তাকে ভালোবাসি, মাদক থেকে দূরে থাকি” প্রভৃতি।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সের কর্মকর্তা ও ভলান্টিয়াদের অংশগ্রহণে প্রায় এক ঘণ্টাব্যাপী মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মাধ্যমে মাদকের ভয়াবহতা, তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বার্তা তুলে ধরা হয়। এ সময় উপজেলা চত্বরে উপস্থিত সাধারণ মানুষও মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পান।
উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সের বীরগঞ্জ প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সের প্রোগ্রাম অর্গানাইজার মো. মজিদুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এবং আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্সের প্রোগ্রাম অর্গানাইজার রুয়েল অ্যাক্কা, সীমা রানী রায়, হোম প্যারেন্টস অমৃত রায়, হাউজ ফেলোসিভ চার্চ এর পালক বরুন বাছারসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও ভলান্টিয়াররা।
আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, অবৈধ পাচার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সাইকেল র্যালি, মানববন্ধন, আলোচনা সভা এবং ক্রীড়া ও বৃক্ষ বিতরণ কর্মসূচির সমন্বয়ে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সুস্থ, সবুজ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









