নেশার টাকা না পেয়ে দিনাজপুরের পার্বতীপুরে হাদিদ আলবাব স্মরন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (২৭ জুন) সন্ধায় উপজেলার ১ নং মন্মথপুর ইউনিয়নের ভবের বাজার এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাদিদ আলবাব স্মরন ওই গ্রামের মাসুদ ফরহাদ পাপন আলীর ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হাদিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতেন। টাকা না পেলে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত করতেন এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। শনিবার সকালে তিনি নেশার টাকার জন্য চাপ সৃষ্টি করেন। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর চালিয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। দুপুর পর্যন্ত তিনি ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









