ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বহুতল বিশিষ্ট নতুন একাডেমিক ভবন পাচ্ছে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান।
রবিবার (২৮ জুন) বিকেলে ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাসেল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রী বরাবর ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি করপোরেশন ও সদর উপজেলার ৩টি প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ বরাদ্দের জন্য আধা সরকারি পত্রে (ডিওলেটার) আবেদন জানান। ওই আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রাণালয় এসব ভবন অনুমোদনের নির্দেশ দেয়। এরপর যথাযথ প্রক্রিয়া শেষে গত ২১ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এ ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ডি.কে.জি.এস. আইমুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের ১ তলা ভবন, ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট ভবনের ১ তলা এবং ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চর শীরকলদী সাহেবিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণ বরাদ্দের অনুমোদন লাভ করে।
এ বিষয়ে স্থানীয় এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘‘শিক্ষার মান উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন জরুরি। পর্যায়ক্রমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও সদর উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









