জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী বেগমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রবিবার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম শাওন। তিনি ওই এলাকার হুমায়ুন আহমেদের ছেলে।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সঙ্গে শ্রাবন্তী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে পরিবারের দাবি। রবিবার ভোরে শ্রাবন্তী তার আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পান প্রতিবেশীরা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে কিছু দূরে শ্রাবন্তীকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে, পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহ ও পরকীয়াজনিত কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
নিহতের স্বজন আনোয়ারা বেগম বলেন, "বিয়ের পর থেকেই শ্রাবন্তী সংসার করতে চাইত না। আমরা বারবার বুঝিয়ে ফিরিয়ে এনেছি। আমাদের ধারণা, অন্য একটি সম্পর্কের বাধা দূর করতেই সে এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।"
অপর স্বজন সুমাইয়া বলেন, "গতকাল রাতেও আমি আমার ভাতিজার সঙ্গে খেলেছি। আজ তার মরদেহ দেখতে হলো। আমরা এ ঘটনার সর্বোচ্চ শাস্তি চাই।"
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









