তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি আরও ভয়াবহ। দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে বড়জোর ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ মিলছে। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে বিদ্যুতের চরম সংকটে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। একই সাথে ব্যাহত হচ্ছে কৃষি ও ছোট-বড় শিল্পকারখানার উৎপাদন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের ভেতরে অফিস চলাকালীন সময়ে কোনোমতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হলেও, তা অত্যন্ত অনিয়মিত। শহরতলির বাইরে এবং প্রত্যন্ত গ্রামগুলোতে বিদ্যুৎ যেন এখন সোনার হরিণ। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় অল্প কয়েক ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুতের অভাব—সব মিলিয়ে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলা বিদ্যুৎ না থাকায় মানুষ ঘুমাতে পারছে না, সারারাত জেগে কাটাতে হচ্ছে। তীব্র গরমে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। অনেক এলাকায় সেচ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় মাঠের ফসল নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। বিদ্যুতের এই চরম সংকটে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এমন পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের সচেতন মহল এবং ভুক্তভোগী সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অনতিবিলম্বে লোডশেডিংয়ের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন জেলাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









