ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
নিহত তীর্থ বিশ্বাস শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের তপন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তীর্থ বিশ্বাস মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে কিশোর তীর্থ বিশ্বাসের মৃত্যু হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









