ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. কাউছার (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাউছার বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে শহীদ জোবায়েরের ছোট ভাই।
গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গাভীশিমুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কাউছার উপজেলার পূর্ব কাউরাট গ্রামের মোহাম্মদ আনোয়ার উদ্দিন ও মোছা. নুরজাহান দম্পতির ছোট ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গৌরীপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কাউছার। পথে গাভীশিমুল গ্রামের শেষ প্রান্তে পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে কাউছারের মরদেহ দাফন করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যাওয়ার ঘটনায় কাউছারের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









