নব্বইয়ের দশকে নায়ক সালমান শাহকে ঘিরে ভক্তদের উন্মাদনা, আবেগ ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুর দুই দিন আগে সিনেমাটি দর্শকদের সামনে আনার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। নির্মাতা সূত্র জানিয়েছে, সিনেমাটির নির্মাণশৈলী ও নব্বইয়ের দশকের উপস্থাপন সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে।
নির্মাতা ইভান মল্লিক বলেন, সিনেমাটি যেহেতু বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এতে বিতর্কিত কিছু নেই। বরং সালমান শাহর ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা করা হয়েছে।
সিনেমার গল্পে উঠে এসেছে সেই সময়ের নস্টালজিয়া—ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড কেনা কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনার স্মৃতি। সেই সময়ই ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন সালমান শাহ।
১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর দেশজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। তার অনেক ভক্ত তীব্র আবেগে ভেঙে পড়েছিলেন। সেই সময়ের প্রেক্ষাপটে এক অন্ধ ভক্তের জীবন ও আবেগের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’।
রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিন প্রযোজিত সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। এতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









