উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি এবার বাস্তবায়নের পথে। বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান বিমানফিল্ডকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে সেখানে একটি আধুনিক বিমানঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বগুড়া বিমানফিল্ড ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের উপযোগী অবকাঠামো উন্নয়নের কথা জানানো হয়।
প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় দীর্ঘ রানওয়ে নির্মাণ, আধুনিক টার্মিনাল ভবন স্থাপন এবং প্রয়োজনীয় নেভিগেশন সুবিধা গড়ে তোলার কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালু হলে বগুড়াসহ পুরো উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কৃষিপণ্য পরিবহন, পর্যটন খাত এবং বিনিয়োগে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। এর ফলে রাজধানীকেন্দ্রিক যোগাযোগের ওপর অতিরিক্ত চাপও অনেকাংশে কমে যাবে।
এছাড়া, প্রস্তাবিত আধুনিক বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি চালু হলে দেশে দক্ষ পাইলট তৈরির সুযোগ বাড়বে এবং বিমান চলাচল খাতে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি সহজতর হবে। বাংলাদেশ বিমান বাহিনীর সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারাও এরুলিয়ার এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
দীর্ঘদিনের এই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগের খবরে বগুড়াসহ সমগ্র উত্তরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা তৈরি হয়েছে। প্রকল্পটি পূর্ণতা পেলে বগুড়া দেশের আকাশপথের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে আত্মপ্রকাশ করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









