৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ ক্রিকেটারের চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। নতুন সিনেমা ‘ললকারা’য় ক্রিকেটার লালা অমরনাথের চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে এরই মধ্যে শারীরিক প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকর। ‘লগান’-এর পর দীর্ঘ ২৫ বছর পর আবারও এই পরিচালকের সঙ্গে কাজ করছেন আমির।
সিনেমাটি নির্মিত হচ্ছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের জীবন ও ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে। দেশভাগের পর দুই দেশের প্রথম ক্রিকেট লড়াই এবং এর সঙ্গে জড়িয়ে থাকা বন্ধুত্ব ও দেশপ্রেমের গল্প উঠে আসবে সিনেমায়। ওই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন লালা অমরনাথ।
চরিত্রের প্রয়োজনে ইতোমধ্যে ওজন কমানোর প্রস্তুতি শুরু করেছেন আমির। পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনেছেন তিনি। বাস্তবে ৬১ বছর বয়স হলেও পর্দায় তাকে ২৫ বছরের যুবক হিসেবে উপস্থাপন করাই এখন বড় চ্যালেঞ্জ।
এর আগেও বিভিন্ন সিনেমার চরিত্রের জন্য শারীরিক গড়নে বড় পরিবর্তন এনেছেন আমির। ‘গজনি’তে পেশিবহুল শরীর, ‘দঙ্গল’-এ ভিন্ন বয়সের মহাবীর সিং ফোগাট এবং ‘লাল সিং চাড্ডা’য় বিভিন্ন বয়সের চরিত্রে দেখা গেছে তাকে।
সিনেমাটি প্রযোজনা করছে এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’-এর পর প্রতিষ্ঠানটির সঙ্গে এটি আমিরের তৃতীয় কাজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









