চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমির মালিকানা নির্ধারণ ছাড়াই আবাদি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে নতুন রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা চর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া কৃষক ও এলাকাবাসী অভিযোগ করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং জমির মালিকদের সম্মতি ছাড়াই তাদের চাষযোগ্য জমি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের (পিআইও) আওতায় নাওভাঙ্গা চরের মফিজ পাটওয়ারীর বাড়ি থেকে মর্তুর্জা মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ একটি নতুন কাঁচা সড়ক নির্মাণের কাজ চলছে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, পরিকল্পিত সড়কটি এলাকার জনস্বার্থে নয়; বরং ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়েই এটি বাস্তবায়ন করা হচ্ছে। তাদের অভিযোগ, তাদের চলাচল গ্রামের ভিতর দিয়ে হলেও রাস্তা নির্মাণের জন্য গ্রামের বাহিরে বিলের মধ্যে উর্বর ফসলি জমি কেটে মাটি নেওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও গ্রামের পার্শ্ববর্তী খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে তাদের নৌ-পথে যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তারা আরো বলেন, এ সড়ক নির্মাণের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে কোনো দাবি বা আবেদন ছিল না। তাই দ্রুত কাজ বন্ধ করে জমির মালিকানা নির্ধারণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অন্যদিকে, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শান্ত তপাদার বলেন, "তাকে সভাপতি বানানো হয়েছে। এই বিষয়ে কিছুই জানেন না তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









