সিলেটের কোম্পানীগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে ডাক্তার সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা চার বন্ধু ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে গিয়েছিলেন।
জানা যায়, সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামেন তিন বন্ধু। নদীতে সাতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে পড়েন। এ সময় দুজন তীরে উঠতে পারলেও সুব্রত স্রোতের টানে পানিতে তলিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা উদ্ধার কাজ করছেন।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম বলেন, ‘‘সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









