কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পৈত্রিক গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ। নিহতের নাম মো. নুরুল ইসলাম (৫৩)।
শুক্রবার (৩ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তিনি পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পৈত্রিক বসতভিটায় গাছ কাটছিলেন আব্দুর রহিম। বিষয়টি জানতে পেরে সেখানে যান বড় ভাই নুরুল ইসলাম। এ সময় গাছ কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নুরুল ইসলামও দুটি গাছ কাটেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম ও তার পরিবারের কয়েকজন সদস্য নুরুল ইসলামের ওপর হামলা চালান। হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয় লোকজন উদ্ধার করে নুরুল ইসলামকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন বলেন, গাছ কাটাকে কেন্দ্র করেই দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং ধারালো অস্ত্রের আঘাতে নুরুল ইসলাম নিহত হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর অভিযুক্ত আব্দুর রহিম পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









