গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
পরে মিছিলটি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রকাশ্যে মিছিল করা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর সিকদার, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, রমজান আলী, রাকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাশার সজল, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সেতু, মাসুম, জুয়েল, রেজাউল, উপজেলা ছাত্রদলের সদস্য সুমন বর্মন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার মুসুল্লি, ছাত্রদল নেতা আরিফ ও পারভেজ এবং মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন কাজীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, "গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর প্রতিবাদে জয়দেবপুর থানা এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ যাচাই করে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে শুক্রবার দুপুরে বিদেশ থেকে দেশে ফেরার পর গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর এলাকার নান্দুয়ান এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
মিছিল শেষে নাসির মোড়ল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘‘গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সে জন্য আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে—শেখ হাসিনা। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়েও লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা ফিরে আসবেন। আমরা রাজপথ ছাড়িনি।’’
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই ঝটিকা মিছিল এবং এর পরপরই ছাত্রদলের পাল্টা বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্য ও ভিডিও ফুটেজ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









