আষাঢ়ের চিরচেনা বর্ষণমুখর রূপ হারিয়ে তীব্র দাবদাহে পুড়ছে সিলেট। গত কয়েকদিনের চড়া রোদ আর বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে সিলেটজুড়ে অসহ্য গরম অনুভুত হচ্ছে। তীব্র এই গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরে কড়া রোদ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। বেলা গড়ানোর সাথে সাথে রাস্তাঘাটে মানুষ ও যানবাহনের সংখ্যা কমে আসছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৩টায় বহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরে এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিলেট অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জনমনে অস্বস্তি দেখা দিয়েছে।
তীব্র এই রোদ ও গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। একদিকে তাদের আয়-রোজগর কমেছে, অন্যদিকে তীব্র গরম অনুভূত হওয়ায় অসুস্থতার ঝুঁকি বেড়েছে।
একাধিক রিকশাচালক এদিনকে জানান, গরমের কারণে লোকজন ঘর থেকে রের হচ্ছেন না। সকালে কিছু যাত্রীর দেখা মিললেও ১২টার পর থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে। কড়া রোদের মধ্যে রিকশা চালাতে তাদের খুব কষ্ট হয়। তবুও পেটের তাগিদে বের হয়েছেন।
ভাসমান ব্যবসায়ীরা জানান, সারাদিন রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকতে হচ্ছে। গরমের কারণে মানুষজন ঘর থেকে কম বের হচ্ছে। যে কারণে তাদের বেচা বিক্রি অর্ধেকে নেমেছে।
এদিকে গরম বাড়ার সাথে সাথে বেড়েছে বিভিন্ন রসালো ফলের জুস ও ডাবের চাহিদা। তীব্র গরমের ক্লান্তি দূর করে একটু প্রশান্তি পেতে জুসের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
নগরের মদিনা মার্কেট এলাকার 'রুবেল জুস কর্নার'-এর মালিক রুবেল আহমদ জানান, গত চার-পাঁচ দিন ধরে তার দোকানে বিক্রি অনেক বেড়েছে। এর মধ্যে কাঁচা আমের জুস, দই-চিড়া এবং মিল্কশেকের চাহিদা সবচেয়ে বেশি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন দুপুরে এদিনকে জানান, বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকতে পারে। তবে খুব দ্রুতই এই পরিস্থিতি থেকে মুক্তির আভাস মিলেছে।
তিনি আরও বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে রূপ নিলেই তাপমাত্রা ক্রমান্বয়ে নিম্নমুখী হতে শুরু করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









