সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই পরবর্তী জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার ভালো কাজ করলে জনগণ আবারও নির্বাচিত করবে, আর প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে জনগণের রায়ের জন্য অপেক্ষা করা উচিত।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের স্লোগান ছিল ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
চিফ হুইপ বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা ও পুনর্গঠনের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। তার দাবি, বিপুল অর্থ পাচার ও ভঙ্গুর অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে সরকারকে কাজ শুরু করতে হয়েছে। প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হওয়ার প্রেক্ষাপটে অর্থনীতি পুনর্গঠনে বাধা না দিয়ে সরকারকে কাজের সুযোগ দেওয়া প্রয়োজন।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। পরিকল্পিতভাবে এ সুযোগ কাজে লাগানো গেলে এক বছরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম মনি বলেন, ১৭ বছরের আন্দোলন ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপি ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। বর্তমান সরকার অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে দেশ পুনর্গঠনের চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের কথাও স্মরণ করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু তালেবের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন গোলাম ফারুক। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন।
সম্মেলনে বরিশাল মহানগরসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









