গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে তাদের সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম। তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চান, যাতে তারা তাকে সারা জীবন মনে রাখেন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে লিখিত আকারে উপস্থাপন করতে হবে। এসব দাবি ও সমস্যা পর্যালোচনা করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তুলে ধরা হবে, যাতে বাস্তবসম্মত সমাধান করা যায়।
তিনি আরও বলেন, আদিবাসী তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মধুপুরের আদিবাসী অধ্যুষিত এলাকায় ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
আলহাজ্ব ফকির মাহবুব আনাম বলেন, জনগণের ভোট ও আস্থার মর্যাদা রক্ষায় তাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ জন্য আদিবাসী নেতাদের দাবিগুলো সুসংগঠিতভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রার সভাপতিত্বে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদক, অজয় এ মৃ, আদিবাসী যুব ও ছাত্র প্রতিনিধি জুয়েল রেটিংসহ স্থানীয় নেতারা। এ সময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকেরা তাদের প্রথাগত নাচ-গানের মাধ্যমে মন্ত্রীকে স্বাগত জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









