ভোলা চরফ্যাশনের কৃতি সন্তান আওলাদ হোসেন সিয়াম জাতীয় পর্যায়ে সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব’।
শনিবার (৪ জুলাই) বিকেলে চরফ্যাশন আধুনিক স্টেডিয়ামের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া পরিষদের আহ্বায়ক ইব্রাহিম হাওলাদার।
তৃণমূল থেকে উঠে আসা ফুটবল প্রতিভা মো. আওলাদ হোসেন সিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’-এ দেশের সেরা ক্ষুদে ফুটবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিন বাদলের ছেলে এবং আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাবের (এমভিসি) নিবন্ধিত খেলোয়াড়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুজ্জামান শাহিন এবং চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো. আলাউদ্দিন।
এ ছাড়া ক্লাবের সিনিয়র সহসভাপতি রিয়াজ উদ্দিন চপল মাতব্বর, সহসভাপতি মাহবুব সেজান বিল্লাল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো. মামুন, পরিবেশবিষয়ক সম্পাদক মো. সিদ্দিক, সহদপ্তর সম্পাদক সাখাওয়াত, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নাদিম হোসেন খানসহ ক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হয়ে আওলাদ হোসেন সিয়াম শুধু চরফ্যাশন নয়, পুরো ভোলা জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। তারা আরও বলেন, সিয়ামের পাশাপাশি জিহাদ আল আমিন ও অর্পিত চন্দ্র দাস জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে চরফ্যাশনের ক্রীড়াঙ্গনের সম্ভাবনাকেও উজ্জ্বল করেছেন।
প্রভাষক মো. আলাউদ্দিন সিয়ামের খেলাধুলা ও পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার ঘোষণা দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আওলাদ হোসেন সিয়ামের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উপস্থিত অতিথিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









