গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায়ীদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বলেন, “গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।সরকারের উন্নয়ন পরিকল্পনায় পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে গ্রামের মানুষ স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারে। তিনি সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।”
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা এবং সমবায়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেনসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









