“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তেঁতুলিয়ার যৌথ উদ্যোগে আলোচনা সভা, গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম সরকার এবং সহ-সভাপতি মাহবুব রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপ-পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী এবং উপ-আইসিটি কর্মকর্তা নবীউল করিম সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ।
আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন সমবায় দলের উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় নারী ও পুরুষ উভয় শ্রেণির সফল উপকারভোগীরা তাদের বক্তব্য ও অনুভূতি ব্যক্ত করেন। তাদের মধ্যে সরকারি পাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের শামসুন্নাহার, ডাঙ্গাপাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের ঝুনু রানী এবং মোমিনপাড়া পুরুষ পল্লী উন্নয়ন দলের আমজাদ হোসেন উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে পল্লী সমবায় ও বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









